শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যালের বর্ণিল উদ্বোধন

20 June 2026, 11:35:02

দেওয়ান মাসুকুর রহমান,  শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২০ জুন ২০২৬ :

বিভিন্ন নৃ-গোষ্ঠী ও বাঙালির বহুমাত্রিক ঐতিহ্যের বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধনে শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ এর উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১৯ জুন ২০২৬) বেলা ৪টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এর সহযোগিতায় স্থানীয় জেমস ফিনলে টি কোম্পানির মালিকানাধীন ফুলছড়া চা বাগান মাঠে ১৯-২১ জুন ৩ দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল এর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম।

হারমোনি ফেস্টিভ্যালে বাঙ্গালী জনগোষ্ঠীর পাশাপাশি ২৭ টিরও বেশী নৃ তাত্ত্বিক জনগোষ্ঠী বৈচিত্র্যময় জীবন, সাংস্কৃতিক, ভাষা, ঐতিহ্য, খাবার, নৃত্য ও শৈল্পিক কারুকাজের দৃষ্টিনন্দন প্রদর্শিত হবে। এতে স্থানীয় বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি মনিপুরী, গারো, খাসিয়া, উরাও, বুনারজি, শবর, গঞ্জু, কড়া, গৌড়, ত্রিপুরা, তেলেগু, হরিদাসসহ ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী স্টলের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য, খাবার এবং কৃষ্টি-কালচার তুলে ধরবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এ অঞ্চলের পর্যটন শিল্প বিকাশে হারমোনি ফেস্টিভ্যাল গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তাদের সকল দাবী দাওয়া প্রধানমন্ত্রী কাছে তোলে ধরা হবে।

স্থানীয় আদিবাসীদের তৈরি হস্তশিল্প বিশ্ব বাজারে রপ্তানির মাধ্যমে তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম.নাসের রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ ( শ্রীমঙ্গল—কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার, অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদুল হাসান,(যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজ, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, জেমস ফিনলে চা কোম্পানীর চীফ অপারেটিং অফিসার তাহসিন এ চৌধুরী, আদিবাসী নেতা পরিমল শিং বাড়ইক, ভুবন সিংহ, খাসি মন্ত্রী ফিলাপত্নী, জিয়ানা মাদরাজী, গারো প্রতিনিধি পার্থ ভাজন প্রমুখ বক্তব্য রাখেন।

১৯ থেকে ২১ জুন বেলা ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত এই উৎসব চলবে।#

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।