ঠাকুরগাঁওয়ে কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার-৩

15 June 2026, 1:50:01

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৩ জুন ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে সদর থানাধীন কালিতলা বাজার সংলগ্ন একটি গোডাউন ঘরে এ ঘটনা ঘটে। ভিকটিমের সাথে অভিযুক্ত তামিম ইসলামের প্রায় এক সপ্তাহ আগে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তামিম তাকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে রাতে ওই গোডাউন ঘরে নিয়ে গিয়ে আরও দুই সহযোগীসহ মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

ঘটনার পর ভিকটিম অসুস্থ হয়ে পড়লে ১৪ জুন ভোর ৪টার দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযানে নামে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে তামিম ইসলাম, রনি ও মাসুদ নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই কালিতলা বাজার এলাকার বাসিন্দা।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী জানান, ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। এছাড়া ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।