রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ব্যবসায়ী, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল
মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ
ঝালকাঠির রাজাপুর থানা রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মোশারফ হোসেন নামে এক ব্যবসায়ীর কাপড় ও গার্মেন্টসের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকান মালিকের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হঠাৎ করেই প্রেসক্লাব সংলগ্ন মোশারফ হোসেনের দোকান থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় দোকানের ভেতরে থাকা কাপড়, গার্মেন্টস সামগ্রী এবং অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে দোকান মালিক মোশারফ হোসেন জানান, ঋণ নিয়ে তিনি এই ব্যবসা পরিচালনা করছিলেন। তিনি বলেন, “এই দোকানটিই ছিল আমার আয়ের একমাত্র উৎস। আগুনে সবকিছু শেষ হয়ে গেছে, আজ আমি পুরোপুরি নিঃস্ব হয়ে পথে বসে গেলাম।”
ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী তার ব্যবসা পুনরায় চালু করার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা ও মানবিক সহায়তার আকুতি জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাত করে এমন সর্বস্বান্ত হওয়ার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
