জামালপুরে বাড়িওলার হামলায় গৃহবধূ গুরুতর আহত, মাথায় ৬টি সেলাই

8 June 2026, 6:36:28

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধিঃ

জামালপুর সদর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাগেরহাটা বটতলা এলাকায় বাড়িওলার হামলায় এক ভাড়াটিয়া গৃহবধূ গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাগেরহাটা বটতলা সংলগ্ন এলাকায় মোছা. সাথী বেগম ও মো. আপনের মালিকানাধীন একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন মোছা. রুবি বেগম। ঘটনার দিন সাথী বেগম ও আপন পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এ সময় রুবি বেগম তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। ফোনে তার স্বামী বাড়ির পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি সাথী ও আপনের ঝগড়ার বিষয়টি উল্লেখ করেন। অভিযোগ রয়েছে, এ কথা শুনে আপন ক্ষিপ্ত হয়ে রুবি বেগমের কক্ষে প্রবেশ করেন এবং তাকে প্রাণনাশের উদ্দেশ্যে শক্ত লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।

আঘাতে রুবি বেগম মাটিতে লুটিয়ে পড়েন। প্রাণ বাঁচাতে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তের হাত থেকে রক্ষা করেন।

পরে স্থানীয়রা আহত রুবি বেগমকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের তৃতীয় তলার মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি জানান, মাথায় শক্ত আঘাতের কারণে প্রায় ৭ ইঞ্চি দীর্ঘ এবং প্রায় ১ ইঞ্চি গভীর কাটা জখম হয়েছে। ক্ষতস্থানে ৬টি সেলাই দেওয়া হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।