কয়রায় পাউবোর বেড়িবাঁধ ছিদ্র করে চিংড়ি ঘেরে লোনা পানি উত্তোলনের অভিযোগ

6 June 2026, 5:25:13

ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধি :

খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের তলদেশে ছিদ্র করে পাইপ বসিয়ে শাকবাড়িয়া নদী থেকে চিংড়ি ঘেরে লোনা পানি উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশ্বরীপুর ইউনিয়নের ভাগবা গ্রামের ১০-১২ জন ঘের মালিকের একটি সংঘবদ্ধ চক্র সম্প্রতি রাতের আঁধারে বানিয়াখালী পোল্ডারের শালুকখালী বেড়িবাঁধের তলদেশে বোরিং করে বড় আকারের পাইপ বসিয়ে প্রায় ৫০০ বিঘা চিংড়ি ঘেরে লোনা পানি উত্তোলন শুরু করে।

বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রামবাসী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহিত করেন। খবর পেয়ে গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। এ সময় পুলিশ চারটি বড় পাইপ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে আমাদি পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনার পাঁচ দিন পর একই চক্র পুনরায় শালুকখালী বেড়িবাঁধের তলদেশে দুটি বড় পাইপ স্থাপন করে নদী থেকে লোনা পানি উত্তোলন শুরু করে। পরে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট ঘের মালিকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাবে তারা পাইপ অপসারণের কথা জানালেও সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাঁধের তলদেশে দুটি পাইপ পুনরায় স্থাপন করা হয়েছে এবং সেগুলোর মাধ্যমে নদীর পানি চিংড়ি ঘেরে ওঠানামা করছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা উপ-বিভাগীয় প্রকৌশলী এস এম রিফাত বিন রফিক বলেন, অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তারা জবাবে জানিয়েছিল যে পাইপ সরিয়ে ফেলা হয়েছে। তবে পুনরায় অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল দ্রুত অবৈধ পাইপ অপসারণ এবং বেড়িবাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।