বিদেশিদের অবৈধ ব্যবসায়িক সম্পৃক্ততার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে মালয়েশিয়া

6 June 2026, 4:57:26

ডেক্স রিপোর্টঃ

মালয়েশিয়ায় স্থানীয় ব্যবসাগুলোর নিয়ন্ত্রণ অবৈধভাবে বিদেশিদের হাতে চলে যাওয়ার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই বিষয়ে প্রাপ্ত অসংখ্য অভিযোগের প্রেক্ষিতে, আইন লঙ্ঘনকারী এবং ব্যবসার লাইসেন্স, ভিসা বা সুযোগ-সুবিধার অপব্যবহারকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর প্রয়োগকারী পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, আইন অমান্যকারী বিদেশি নাগরিক বা তাদের সহায়তাকারী মালয়েশিয়ান নাগরিক কাউকেই এই বিষয়ে ছাড় দেয়া হবে না।

শুক্রবার (৫ জুন) এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ফাহমি ফাজিল এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান। অতি সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে রোহিঙ্গা শরণার্থীদের দেশ থেকে বিতাড়িত করার দাবিতে ওঠা একটি পিটিশনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফাহমি স্পষ্ট করেন, প্রধানমন্ত্রী নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠী বা শরণার্থী সম্প্রদায়কে লক্ষ্য করে এই নির্দেশনা দেননি। মূলত স্থানীয় ব্যবসায়িক খাতে সামগ্রিকভাবে বিদেশি নাগরিকদের অবৈধ সম্পৃক্ততা এবং নিয়মের ব্যত্যয় ঘটার যে প্রবণতা দেখা যাচ্ছে, তার অবসান ঘটাতেই এই কঠোর অবস্থান নেয়া হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।