দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ:ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামে এক যুবক। বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত লিমন মোল্লা ওরফে হৃদয় ওই গ্রামের সিরাজ মোল্লার একমাত্র ছেলে। তিনি বিবাহিত ছিলেন এবং এক কন্যা সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে নিজ ঘরে একা অবস্থানকালে লিমন মোবাইল ফোনে ফেসবুক লাইভে আসেন। একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের বাবা সিরাজ মোল্লা জানান, আত্মহত্যার আগে ঢাকায় অবস্থানরত স্ত্রী উর্মির সঙ্গে লিমনের কথা হয়েছিল। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ, পারিবারিক বিরোধ এবং নানা মানসিক চাপে তিনি ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
