ঝালকাঠির রাজাপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তকারী যুবকের ১০ হাজার টাকা জরিমানা

4 June 2026, 10:46:46

মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ

​ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে নিয়মিত উত্ত্যক্ত করার দায়ে মেহরাব হোসেন বিশাল (২০) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাড়াখালী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

​দণ্ডপ্রাপ্ত মেহরাব হোসেন বিশাল ওই গ্রামের মুছা ফরাজির ছেলে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই স্থানীয় ওই গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল মেহরাব। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​এ সময় অভিযুক্তের বাবার কাছ থেকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত হবে না মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। তিনি জানান, “নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংসহ যেকোনো সামাজিক অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে।”

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।