পরশুরামে কোরবানির গরুর চামড়া নাম মাত্র ২০০ টাকায় বিক্রি, সিন্ডিকেটের অভিযোগ

29 May 2026, 10:28:37

পরশুরাম প্রতিনিধিঃ

ফেনীর পরশুরাম উপজেলায় পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চামড়ার বাজারে চরম ধস নেমেছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, একটি গরুর চামড়া মাত্র ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সাধারণ কোরবানিদাতা ও চামড়া বিক্রেতারা।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরের মতো এবারও একটি অসাধু সিন্ডিকেট চামড়ার বাজার নিয়ন্ত্রণ করছে। তারা ইচ্ছেমতো দাম নির্ধারণ করায় প্রকৃত বিক্রেতারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকেই বাধ্য হয়ে কম দামে চামড়া বিক্রি করছেন, আবার কেউ কেউ বিক্রি না করে লবণ দিয়ে সংরক্ষণের চেষ্টা করছেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোরবানির পশুর চামড়া সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে খুব কম দামে চামড়া কিনছেন। বিশেষ করে ছোট ও মাঝারি আকারের গরুর চামড়ার দাম ২০০ থেকে ২৫০ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। অথচ কয়েক বছর আগেও এসব চামড়া হাজার টাকার ওপরে বিক্রি হতো।
চামড়া বিক্রেতা কয়েকজন জানান, বাজারে প্রতিযোগিতা না থাকায় কিছু ব্যবসায়ী মিলে সিন্ডিকেট তৈরি করেছে। ফলে তারা যে দাম বলছে, সেই দামেই চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।
একাধিক সচেতন নাগরিক বলেন, সরকার প্রতি বছর চামড়ার দাম নির্ধারণ করলেও মাঠপর্যায়ে তার কোনো বাস্তব প্রতিফলন দেখা যায় না। সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি ও কার্যকর উদ্যোগ না থাকায় চামড়ার বাজারে এমন অস্থিরতা তৈরি হয়েছে।
তারা আরও বলেন, কোরবানির চামড়া এত কম দামে বিক্রি হওয়ায় মাদরাসা, এতিমখানা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানও ক্ষতির মুখে পড়েছে। দ্রুত চামড়ার বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।