বাগেরহাট জেলা প্রশাসকের চিতলমারী উপজেলা পরিদর্শন ও মতবিনিময় সভা
চিতলমারী প্রতিনিধিঃ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৫।
বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে চিতলমারী উপজেলা সফরে আসেন। সফরের অংশ হিসেবে তিনি চিতলমারী থানা ও আদর্শ শিশু বিদ্যানিকেতন ভবন ঘুরে দেখেন। পরে বাজারের গরুর হাট এলাকায় দীর্ঘদিনের প্রতীক্ষিত পাবলিক টয়লেট উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে নামফলক উন্মোচন ও মোনাজাত শেষে তিনি আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু ঘোষণা করেন। এ সময় বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী সোয়েব হোসেন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আহমেদ ইকবাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা সুলতানা দিলরুবা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জনি সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দিনের অন্য কর্মসূচির অংশ হিসেবে দরিউমাজুরি গ্রামে গিয়ে কোডেক এনজিওর সহায়তায় স্বামী পরিত্যক্ত মনিকা বিশ্বাসের পরিবারের জীবনযাত্রার উন্নয়ন সরেজমিনে পরিদর্শন করেন। হঠাৎ জেলা প্রশাসকের আগমনকে ঘিরে গ্রামজুড়ে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। এ সময় মনিকা বিশ্বাসের ছোট ছেলে ফুল দিয়ে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানালে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
জেলা প্রশাসকের সঙ্গে আলাপচারিতায় মনিকা বিশ্বাস জানান, কোডেক এনজিওর সহায়তায় তিনি হাঁস–মুরগি ও সবজি চাষ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। স্বামী সংসার ত্যাগ করলেও তিনি একমাত্র সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন। বর্তমানে তার ছেলে প্রথম শ্রেণিতে পড়াশোনা করছে এবং তিনি বাবার বাড়িতেই বসবাস করছেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
