কুষ্টিয়ায় সড়ক বিপর্যয় ভ্যান বাঁচাতে গিয়ে বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ হারাল স্কুলছাত্রীসহ ৩
তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়াঃ
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ ৩ জন নিহত এবং অন্তত ২২ জন আহত হয়েছেন। একটি ভ্যান গাড়িকে আকস্মিক সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রাম ট্রাকের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া কুটিপাড়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ‘তানহা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে আসছিল। পথে শিমুলিয়া কুটিপাড়া এলাকায় বাসের সামনে একটি ভ্যান চলে আসে। চালক ভ্যানটিকে বাঁচাতে গিয়ে হঠাৎ ডান দিকে চাপালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে বাসটির জোরালো মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ড ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে ছিটকে পড়ে।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। দ্রুত খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যোগ দেন।আহতদের দ্রুত উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত এক ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।নিহতদের মধ্যে ১৫ বছর বয়সী রাফিয়া নামের এক স্কুলছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর মণ্ডলপাড়ার রুহুল আমিনের মেয়ে। নিহত বাকি দুই পুরুষের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা খুবই নাজুক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাথমিকভাবে জানা গেছে, সড়কের ওপর থাকা একটি ভ্যানকে রক্ষা করতে গিয়েই বাস ও ড্রাম ট্রাকের এই মুখোমুখি সংঘর্ষ ঘটে।”
— আবু ওবায়েদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কুষ্টিয়া হাইওয়ে থানা। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো নিশ্চিত করে। বর্তমানে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যান দুটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
