কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৮ কোটি ৬০ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

1 September 2025, 11:18:14

কুষ্টিয়া প্রতিনিধিঃ ১ সেপ্টেম্বর সোমবার  ২০২৫। 
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী ও ভারতীয় কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি ৬০ লাখ টাকা।

৩১ আগস্ট রবিবার ভোররাতে দৌলতপুর উপজেলার ইসলামপুর ত্রিমোহনী নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি-এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় রাত ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিজিবি, আনসার সদস্যদের সহযোগিতায় এ যৌথ অভিযান চালায়।

অভিযানে প্রায় ১১ হাজার ৫০০ কেজি চায়না দুয়ারী জাল ও ১০ হাজার কেজি ভারতীয় কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ জালের অপব্যবহার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।