আলীকদমে সমন্বিত উদ্যোগের অঙ্গীকার: হাম প্রতিরোধ, হাসপাতাল নির্মাণ ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

18 May 2026, 11:47:00

মোঃ নুরুল ইসলাম (রাজু), আলীকদম:

বান্দরবানের আলীকদম উপজেলায় সরকারি কর্মকর্তা, হেডম্যান-কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আলীকদম সেনা জোনের প্রতিনিধি এবং আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনস্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং দুর্গম এলাকার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাবের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।

হাম পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্গম এলাকায় নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সপ্তাহে সাত দিন চিকিৎসক পাঠানোর সিদ্ধান্তও গৃহীত হয়।

এছাড়া কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় হাসপাতাল নির্মাণের জন্য দুই একর জমি দানের বিষয়টি সভায় জানানো হয়। পাশাপাশি স্থানীয় জনগণের মাঝে স্বাস্থ্য কার্ড ও কৃষি কার্ড প্রদান কার্যক্রম চালুর কথাও উল্লেখ করা হয়।

সভায় পরিবেশ সংরক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। মাতামুহুরী, বাকখালী ও সাঙ্গু নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়। একই সঙ্গে বনভূমি রক্ষা, ঝিরির পানি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধভাবে বালু, পাথর ও গাছ কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

হেডম্যান ও কার্বারীদের জুম চাষে পরিবেশগত সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণই ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরি বলেন, “ইকোনোমিক, পানি ও পর্যটন খাতকে এগিয়ে নিতে ১৪টি জাতিসত্ত্বাকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আমরা সবাই মিলেমিশে একসাথে এগিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, “সব সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়। অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

সভায় অংশগ্রহণকারীরা মত দেন, দুর্গম এলাকার স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিবেশ রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।