শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
ডেক্স রিপোর্টঃ
নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক ১০ বাংলাদেশি যুবককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৬ মে) বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে সোপর্দ করা হয়। পরে বিজিবি বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, আটককৃতরা সবাই রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। তারা হলেন— মোঃ সোবান আলী (২৩), মোঃ আব্দুল মারুফ রহমান (২০), মোঃ আজিজুল ইসলাম (২১), মোঃ আব্দুল আলিম (২৭), মোঃ আলামিন (২৩), শ্রী মধু মুরারী (৩৪), মোঃ আনিকুল ইসলাম (২৫), মোঃ তাজেল আলী (২৫), মোঃ মেসবাহুল (২১) এবং মোঃ আব্দুল হাকিম (৪৯)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় এক বছর আগে তারা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই অজ্ঞাত দালালের সহায়তায় সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে ভারতের ‘কিল্লাপাড়া’ গ্রাম এলাকা থেকে ২২ বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
পরবর্তীতে বিএসএফ আটক ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের জন্য স্থানীয় মাধ্যম ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয় যে তারা বাংলাদেশের নাগরিক।
আজ বিকাল আনুমানিক ৫টা ৫৫ মিনিটে সীমান্ত পিলার ১১১৬ সংলগ্ন নাকুগাঁও আইসিপি এলাকায় ২২ বিএসএফ-এর কিল্লাপাড়া কোম্পানি কমান্ডার আনুষ্ঠানিকভাবে আটক ১০ বাংলাদেশিকে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীন হাতিপাগার কোম্পানি কমান্ডারের কাছে হস্তান্তর করেন।
হস্তান্তর প্রক্রিয়া শেষে হাতিপাগার কোম্পানির সুবেদার মোঃ ফুল মিয়া সরকার বাদী হয়ে বৈধ কাগজপত্র ছাড়া ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩-এর ১১(১)(গ) ধারায় নালিতাবাড়ী থানায় একটি এজাহার দায়ের করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
