রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি-হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন

17 May 2026, 8:22:43

জাহাঙ্গীর, রাংগামাটি জেলা প্রতিনিধি:

ট্রাফিক সচেতনতা কর্মসূচিতে শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর সেবার ওপর গুরুত্বারোপ।

রাঙ্গামাটিতে সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও জনবান্ধব করতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি-হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন এবং ট্রাফিক সচেতনতা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগকে জেলার পরিবহন ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

শনিবার (১৬ মে) লেক ভিউ গার্ডেন-এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপেন দেওয়ান, মাননীয় মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ নাজমা আশরাফী, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, রাঙ্গামাটি পার্বত্য জেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, পুলিশ সুপার, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), রাঙ্গামাটি পার্বত্য জেলা,
অনুষ্ঠানে অতিথিরা আনুষ্ঠানিকভাবে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি-হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন করেন। পরে ট্রাফিক সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার পরিবহন খাতকে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় এনে যানবাহনের তথ্য সংরক্ষণ, নিবন্ধন তদারকি, অপরাধ নিয়ন্ত্রণ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন খাতে ডিজিটাল সেবা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। রাঙ্গামাটিতে পরিবহন ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার এই উদ্যোগ সাধারণ মানুষের ভোগান্তি কমাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ ও আধুনিক করতে প্রশাসন, পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফী বলেন, ডিজিটাল ডাটাবেসের মাধ্যমে যানবাহনের তথ্য সহজে সংরক্ষণ ও যাচাই করা সম্ভব হবে। এতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে এবং অপরাধ সংঘটনের পর দ্রুত তথ্য সংগ্রহে আইনশৃঙ্খলা বাহিনী সুবিধা পাবে। তিনি চালক ও যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, রাঙ্গামাটিতে নিরাপদ সড়ক নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অনলাইন বাস টার্মিনাল ও ডিজিটাল ডাটাবেস চালুর ফলে যানবাহনের তথ্য একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আসবে। এর মাধ্যমে চুরি, ছিনতাই, মাদক পরিবহন কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত যানবাহন দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ট্রাফিক সচেতনতা শুধু পুলিশের দায়িত্ব নয়; এটি সকল নাগরিকের সামাজিক দায়িত্ব। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালক, যাত্রী, পথচারীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।

অনুষ্ঠানে পরিবহন শ্রমিক নেতা, বাস মালিক সমিতির প্রতিনিধি, সিএনজি চালক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় নিরাপদ সড়ক গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় পুলিশ সুপার জানায়, ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।