রাজবাড়ীতে বজ্রপাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
আলমগীর আল আরাফ, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে বন্যা বেগম (২৮) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বন্যা বেগম ওই গ্রামের দিনমজুর নুরুল হকের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির উঠানে থাকা লাকড়ি সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বাড়ির পাশে থাকা একটি খেজুর গাছের কাছে অবস্থান করছিলেন তিনি। তখনই আকস্মিকভাবে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করতে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অকাল এই মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।
এ বিষয়ে খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে গৃহবধূর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং অসচ্ছল পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
