ভূরুঙ্গামারীর দুধকুমার নদে অভিযান, ৪ ড্রেজার উচ্ছেদ

12 May 2026, 7:55:33

মোঃ মিনহাজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বিভিন্ন অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশের পর এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদী থেকে চারটি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে দুধকুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। একই এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উপজেলা রক্ষায় শতকোটি টাকা ব্যয়ে নদীতীরে বাঁধ নির্মাণ ও ভাঙন প্রতিরোধে কংক্রিট ব্লক স্থাপনের কাজ করছে। তবে অবৈধ ড্রেজার ব্যবহারের কারণে নবনির্মিত প্রকল্পটি হুমকির মুখে পড়ে এবং নদীপাড়ের বাড়িঘর নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দেয়।

এ নিয়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করলেও প্রভাবশালী মহলের কারণে বালু উত্তোলন বন্ধ হচ্ছিল না বলে অভিযোগ রয়েছে। পরে বিভিন্ন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হলে প্রশাসন অভিযান পরিচালনা করে।

ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেকের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীনসহ থানা পুলিশ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, অভিযানকালে নদী থেকে চারটি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়। কাউকে না পাওয়ায় গ্রেফতার করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।