সংস্কৃতি মন্ত্রীর নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন

11 May 2026, 11:06:44

দেবদূত কর তীর্থ, নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। সোমবার (১১ মে) তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনকালে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

উপাচার্যের কার্যালয় সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, একাডেমিক কার্যক্রম ও অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন উপাচার্য। এসময় সংস্কৃতি মন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনা ও বহুমাত্রিক প্রতিভার প্রতীক। তাঁর নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা শিক্ষার জন্য বিশেষায়িত ভাষা ইন্সটিটিউট চালু করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনার সুযোগ পায়। একইসঙ্গে ত্রিশালকে নজরুলচর্চা ও সাংস্কৃতিক পর্যটনের কেন্দ্র হিসেবেও গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভায় ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের উদ্যোগ এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি জানান, পাঁচ দিনব্যাপী আয়োজিতব্য নজরুল জয়ন্তী অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক ও শিল্পীদের অংশগ্রহণে একটি বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন করা হচ্ছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উপলক্ষে ময়মনসিংহে প্রস্তুতি সভা শেষে সংস্কৃতি মন্ত্রী বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।