কাঠালিয়ায় মরণফাঁদ বাঁশের সাঁকো: পরিদর্শনে ইউএনও,সুদৃষ্টি কামনা এমপির
মো ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি ঝালকাঠিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া-গুদিকাটা এলাকার একটি নড়বড়ে বাঁশের সাঁকো এখন স্থানীয়দের জন্য চরম আতঙ্কের নাম। এই সাঁকো পার হতে গিয়ে সম্প্রতি শিক্ষার্থীসহ অন্তত ৫ জন নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে দুই গ্রামের কয়েকশ মানুষ। দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে সেখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর কচুয়া এবং পূর্ব কৈখালী গ্রামের যাতায়াতের প্রধান উৎস এই নড়বড়ে সাঁকোটি। বিশেষ করে ১১৮ নং কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জন্য এটি এখন যমদূত হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অতি সম্প্রতি এই সাঁকো থেকে পড়ে গিয়ে শিশু ও বৃদ্ধসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। সাঁকোটি এতটাই ঝুঁকিপূর্ণ যে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।
জনসাধারণের এই চরম ভোগান্তি ও দুর্ঘটনার খবর স্থানীয় নেতৃবৃন্দ মাননীয় সংসদ সদস্যকে (এমপি) অবহিত করেন। এমপির নির্দেশনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ঘটনাস্থল সশরীরে পরিদর্শন করেছেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
পরিদর্শনকালে তিনি সাঁকোটির জরাজীর্ণ অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং ভুক্তভোগী এলাকাবাসীর সাথে কথা বলেন। পরিদর্শন শেষে ইউএনও মহোদয় জানান, মানুষের জীবনের ঝুঁকি কমাতে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা জরুরি। তিনি এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনিকভাবে যথাসাধ্য চেষ্টা করার আশ্বাস দিয়েছেন।
বারবার দুর্ঘটনার শিকার হওয়া এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত যেন ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হয়। এই জনগুরুত্বপূর্ণ সমস্যার স্থায়ী সমাধানের জন্য তারা স্থানীয় মাননীয় সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ ও বিশেষ সুদৃষ্টি কামনা করেছেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
