এক পরিবারের বিরোধে ৪১ পরিবারের বিদ্যুৎ বিচ্ছিন্নের অভিযোগ, ঈশ্বরগঞ্জে ক্ষোভ

7 May 2026, 11:28:59

মিয়া সুলেমান, ঈশ্বরগঞ্জ:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের চর সৈয়দভাকুরী এলাকায় এক ব্যক্তিকে বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নিতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ৪১টি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন ওইসব পরিবারের সদস্যরা। ভুক্তভোগীদের মধ্যে ৮ থেকে ১০ জন চলমান এসএসসি পরীক্ষার্থী রয়েছে। এছাড়াও ৬ থেকে ৭ জন ব্যাটারিচালিত অটোরিকশা চালক বিদ্যুৎ না থাকায় তাদের যানবাহনের ব্যাটারি চার্জ দিতে পারেননি। ফলে তারা কর্মস্থলেও বের হতে পারেননি বলে জানান।
স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর অধীন ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম অনিতা বর্ধনের নির্দেশেই এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ বিষয়ে ডিজিএম অনিতা বর্ধন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি স্বীকার করেছেন। তার দাবি, একটি পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ নিতে বাধা দেওয়ার কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে এলাকাবাসীর প্রশ্ন, “সংযোগ নিতে চেয়েছিল একটি পরিবার, বাধা দিয়েছে আরেকটি পরিবার। তাহলে ৪১টি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো কেন? এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কি একজন কর্মকর্তার রয়েছে?”
ভুক্তভোগীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তারা অভিযোগ করেন, কোনো পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় শিশু, শিক্ষার্থী, বৃদ্ধ ও কর্মজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।