গুরুদাসপুরে ভোরে পরপর তিন ছিনতাই, আতঙ্কে পৌরবাসী
শরিফ ইসলাম নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুর পৌর এলাকায় ভোরের নীরবতাকে কেন্দ্র করে একই কৌশলে পরপর তিনটি ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অল্প সময়ের ব্যবধানে সংঘটিত এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর প্রায় ৪টার দিকে খামারনাচকৈড় সরকারি জোহা কলেজের সামনে প্রথম ছিনতাইয়ের ঘটনা ঘটে। নয়াবাজার হাটে যাওয়ার পথে ভ্যানে থাকা আনছু প্রামাণিক ও জাহের শাহকে মুখোশধারী দুর্বৃত্তরা চাপাতির মুখে জিম্মি করে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এর কিছুক্ষণ পর একই স্থানে ফজরের নামাজে যাওয়ার পথে স্থানীয় মসজিদের ইমাম মো. মোবিদুল ইসলাম মুবিনও ছিনতাইয়ের শিকার হন। দুর্বৃত্তরা তাঁর কাছ থেকেও নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এদিকে, ফজরের নামাজ শেষে রোকেয়া মোড় এলাকায় হাঁটতে বের হওয়া এক নারীর পথরোধ করে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাঁর স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে গুরুদাসপুর এলাকায় ডাকাতি, গরু চুরি, হামলা ও হুমকিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ভোরের মতো সংবেদনশীল সময়ে ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
গত ৫ মে স্থানীয় সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজের উপস্থিতিতে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, “ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং দ্রুত আইনের আওতায় আনা হবে।”
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
