ফুলগাজীতে জমি বিরোধে গৃহবধূকে পিটিয়ে আহত, অভিযুক্ত আমির হোসেন ও ছেলে পলাশ

5 May 2026, 5:03:11

সবীর আহমেদ ফোরকান, পরশুরাম প্রতিনিধি:

ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ দৌলতপুর এলাকার মোল্লাবাড়িতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আমির হোসেন ও তার ছেলে পলাশের বিরুদ্ধে।
ভুক্তভোগী জোহরা বেগম জানান, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তার অভিযোগ, চাচা শ্বশুর আমির হোসেন ও তার ছেলে পলাশ বিভিন্ন সময় তাকে হুমকি প্রদান ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন।
তিনি বলেন, তার কোনো ছেলে সন্তান না থাকা এবং স্বামী প্রবাসে থাকায় অভিযুক্তরা সুযোগ নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদে জড়ান। একপর্যায়ে তারা জোরপূর্বক তার জমির ওপর দিয়ে চলাচলের রাস্তা নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দিলে তাকে মারধর করা হয়।
জোহরা বেগম আরও জানান, সর্বশেষ ঘটনায় তাকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তিনি ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জোহরা বেগমের স্বামী প্রবাসী ইউনুস নবী বলেন, “আমার বাবা চার ভাই। আমার চাচা আমির হোসেন হিস্যা অনুযায়ী জমি পাওয়ার পরও জোর করে আমার অংশের জমি দখলের চেষ্টা করছেন। আমি দেশে না থাকায় এবং আমাদের কোনো ছেলে সন্তান না থাকায় আমার স্ত্রীর ওপর বারবার হামলা করা হচ্ছে।”
ঘটনাটি এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্ত আমির হোসেনের ছেলে পলাশ মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, জমি দখলের কোনো ঘটনা ঘটেনি।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।