পরীক্ষা ফেলে প্রেমিকের হাত ধরে উধাও দাখিল পরীক্ষার্থী, তোলপাড় ফুলগাজী
জসিম উদ্দিন,ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনীর ফুলগাজীতে দাখিল পরীক্ষা দিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর কেন্দ্রে পৌঁছায়নি এক পরীক্ষার্থী। পরে জানা যায়, সে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। মঙ্গলবার (৫ মে) ইংরেজি পরীক্ষার দিন এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ শিক্ষার্থীর নাম ফাতেমা আক্তার প্রিয়া। তিনি মুন্সিরহাট ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। তার কেন্দ্র ছিল আজমেরী বেগম বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয়া মুন্সিরহাট এলাকার বাসিন্দা।
পরিবারের অভিযোগ, দক্ষিণ তারালিয়া গ্রামের মাইক্রোবাস চালক ইমন দীর্ঘদিন ধরে প্রিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখছিল। মঙ্গলবার সকালে পরীক্ষার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর পূর্বপরিকল্পনা অনুযায়ী ইমনের সঙ্গে চলে যায় সে।
স্বজনরা জানান, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রিয়ার কোনো খোঁজ না পেয়ে তারা পরীক্ষা কেন্দ্রে যোগাযোগ করেন। তখন জানতে পারেন, সে পরীক্ষায় অংশই নেয়নি। পরে বিভিন্ন সূত্রে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার তথ্য পান তারা।
প্রিয়ার মামা মোহাম্মদ ইমরান হোসেন দাবি করেন, প্রিয়া এখনও নাবালিকা। তাকে বিয়ে করতে ভুয়া জন্ম নিবন্ধন তৈরিরও চেষ্টা চলছে বলে তারা জানতে পেরেছেন। এ ঘটনায় ফেনী মডেল থানা ও ফুলগাজী থানাকে অবহিত করা হয়েছে।
এদিকে, মেয়েকে দ্রুত উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়েছে পরিবার। ঘটনার পর অভিযুক্ত ইমনের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফুলগাজী থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
