রাঙামাটিতে ছাত্রদল কমিটি ঘিরে উত্তেজনা, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

3 May 2026, 10:26:21

জাহাঙ্গীর, রাঙামাটি জেলা প্রতিনিধি :
রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিতর্কিত কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (৩ মে) সকাল ১১টায় রাঙামাটি পৌরসভা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলটি বনরুপা পেট্রোল পাম্পসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয়। পরে সেখানে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখা হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, নবগঠিত কমিটিতে বিবাহিত, অছাত্র, অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনের আদর্শের পরিপন্থী। তারা দ্রুত এই কমিটি বাতিল করে গ্রহণযোগ্য নতুন কমিটি গঠনের দাবি জানান।
এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল লাগলে টাকা নে নাসির, তুই নতুন কমিটি দে,আইফোন লাগলে আইফোন নে নাসির, তুই নতুন কমিটি দে।
সড়ক অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে এখনো পর্যন্ত জেলা ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।