রাঙামাটিতে ১১ দলের বিক্ষোভ: “গণভোটের রায় বাস্তবায়নের দাবি”

2 May 2026, 9:29:18

জাহাঙ্গীর, জেলা প্রতিনিধিঃ

রাঙামাটিতে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে ঐক্যজোটের ব্যানারে শহরের বনরূপা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বনরূপা এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে স্পষ্ট রায় দিয়েছে। তারা দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করে সরকার ক্ষমতা পরিচালনা করছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। বক্তারা অভিযোগ করেন, সরকারের বর্তমান কর্মকাণ্ডে ফ্যাসিবাদী প্রবণতার লক্ষণ দেখা যাচ্ছে এবং জনগণের প্রত্যাশা পূরণে তারা ব্যর্থ হচ্ছে।

বক্তারা আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী “জুলাই সনদ” বাস্তবায়নের কথা থাকলেও, নির্বাচনের পর তা নিয়ে সরকার টালবাহানা করছে। তারা দাবি করেন, এই সনদের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার, সুশাসন ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যা এখন বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

জ্বালানি সংকট প্রসঙ্গে বক্তারা বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। পাশাপাশি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সংসদের ভেতরে যদি জনগণের দাবি উপেক্ষিত হয়, তাহলে রাজপথে আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে। প্রয়োজনে দেশের জনগণ আবারও গণ-অভ্যুত্থানের পথে নামতে বাধ্য হবে বলেও তারা মন্তব্য করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রাঙামাটি জেলা আমির অধ্যাপক মো. আব্দুল আলীম, সেক্রেটারি জেনারেল মো. মানছুরুল হক, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য শহিদুল ইসলাম, এলডিপি জেলা কমিটির সহ-সভাপতি কমল বিকাশ দেওয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কমিটির সভাপতি আব্দুল সালাম এবং ইসলামী ছাত্রশিবির জেলা কমিটির সভাপতি রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।