কটিয়াদীতে ধান বোঝাই নৌকা ডুবে এক শ্রমিকের মৃত্যু

2 May 2026, 9:09:41

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে নৌকা ডুবে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল

শুক্রবার (১ মে) কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের রৌওয়া বিলে ধানবোঝাই নৌকা ডুবে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আরিফুর রহমান ওরফে কালা মিয়া (২৮)। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সিংহেশ্বর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার চান্দপুর ইউনিয়নের রৌওয়া বিলে কয়েকজন শ্রমিক ধান কাটার কাজ করছিলেন। এক ভাগ ধান কেটে নৌকায় বোঝাই করে বিল পার হওয়ার সময় অতিরিক্ত ওজনে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য দুজন শ্রমিক সাঁতরে পাড়ে উঠতে পারলেও আরিফুর তলিয়ে যান। প্রথমে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ভৈরব থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে বিলের তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করে।

কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. শ্যামল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ধান কাটা শ্রমিকের মরদেহটি ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।