ফারুকী আপাতত আশঙ্কামুক্ত, দোয়া চাইলেন তিশা

17 August 2025, 10:34:53

বিনোদন ডেক্সঃ ১৭ আগস্ট রবিবার ২০২৫।

সংস্কৃতি উপদেষ্টা ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত আশঙ্কামুক্ত রয়েছেন। কক্সবাজার সফরকালে অসুস্থ হয়ে পড়ার পর তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা

শনিবার দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিশা লিখেছেন—
“মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি কর্মশালায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের মতে, অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে এখন তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।”

এর আগে শুক্রবার (১৫ আগস্ট) চারদিনের সরকারি সফরে কক্সবাজারে পৌঁছান উপদেষ্টা ফারুকী। পরদিন শনিবার (১৬ আগস্ট) রাতে অসুস্থতা বোধ করলে জরুরিভাবে এয়ার অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নেওয়া হয়।

কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব জানান, ফারুকীর উপস্থিতিতে সংস্কৃতি হাব বিষয়ক আলোচনা ও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন-সংক্রান্ত কর্মসূচি হওয়ার কথা ছিল। তবে উপদেষ্টা অসুস্থ হওয়ায় পরবর্তী সব কার্যক্রম বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, উপদেষ্টা অসুস্থ হওয়ার পর স্থানীয় চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন, সিভিল সার্জন নিজেও পুরো বিষয়টি তত্ত্বাবধান করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।