মোংলায় নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
মোংলা প্রতিনিধিঃ ১৬ আগস্ট শনিবার ২০২৫।
বাগেরহাটের মোংলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা ঢাক-ঢোল বাজিয়ে রঙিন সাজে অংশ নেন। দেবকীর গর্ভে জন্ম নেওয়া ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানানোর মধ্য দিয়ে তারা উৎসবকে প্রাণবন্ত করে তোলেন। পুরো অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
উপজেলা কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী। তিনি জন্মাষ্টমীর শুভক্ষণে সনাতন ধর্মাবলম্বী সকল পরিবারকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের ঐতিহ্য হলো পারস্পরিক সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি। যার যার ধর্ম সে পালন করবে, এটাই আমাদের শক্তি। তিনি আরও বলেন, সমাজে শান্তি ও মঙ্গলের পরিবেশ বজায় রাখতে হলে সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
পরে পূজা-অর্চনার মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অঞ্জলি নিবেদন করেন। শিক্ষার্থী ভক্তরা ধর্মীয় রীতি অনুসারে গীতা পাঠ ও কীর্তন পরিবেশন করেন। শেষপর্যায়ে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পান্না লাল দে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পৌর আহ্বায়ক রাজীব নন্দি।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
