ভূরুঙ্গামারীতে চীনা প্রবাসী ও চেয়ারম্যান প্রার্থীর বাড়ি লুট ও অগ্নিসংযোগে অর্ধকোটি টাকা ক্ষতি
মোঃ মিনহাজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী ও প্রবাসী ডা. মোঃ রোকনুজ্জামান কিরণের বসতবাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থ, স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ দলিলপত্র, আসবাবপত্রসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ভূরুঙ্গামারী থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী ডা. রোকনুজ্জামান কিরণ উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় (নয়াপাড়া) এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন চীনে প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরে এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ড, মাদকবিরোধী কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কাজ করে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবেও পরিচিত।
তিনি জানান, গত ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত তিনি পরিবারসহ রংপুরে অবস্থান করছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা তার বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আসবাবপত্র তছনছ করে মূল্যবান মালামাল লুট করে এবং শয়নকক্ষসহ বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়।
বাড়ির দেখভালের দায়িত্বে থাকা আলেফ উদ্দিন জানান, গত ২৬ এপ্রিল রাতে আকাশ খারাপ থাকায় তিনি সবকিছু বন্ধ করে রাত ১২টার দিকে বাড়ি চলে যান। পরদিন সকাল ১০টার দিকে ধান মাড়াইয়ের শ্রমিকরা বাড়িতে এসে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তাকে খবর দেন। পরে তিনি স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং বাড়ির মালিককে বিষয়টি জানান। এলাকাবাসী ৯৯৯-এ ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী বাড়িতে ফিরে দেখেন, নিচতলার প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথি, জমির দলিল, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক সংক্রান্ত কাগজপত্র, স্ত্রীর শিক্ষা সনদ, গাড়ি ও মোটরসাইকেলের কাগজপত্রসহ বহু মূল্যবান নথি আগুনে নষ্ট হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মালামালের মধ্যে রয়েছে দুটি এসি, একটি এলইডি টিভি, তিনটি সিলিং ফ্যান, একটি তোশিবা ল্যাপটপ, প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, একটি হীরার গহনার সেট, জমি কেনার জন্য রাখা প্রায় ১৩ লাখ টাকা নগদ, ড্রোন, ক্যামেরা, মোবাইল ফোন, ফার্নিচার, পর্দা, পোশাক, ঘড়ি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৪২ লাখ ৪৮ হাজার টাকা বলে দাবি করেছেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। নির্বাচনকে সামনে রেখে তাকে আতঙ্কিত করতেই দুর্বৃত্তরা এ কাজ করেছে বলে তাদের ধারণা।
ডা. রোকনুজ্জামান কিরণ বলেন, “আমি এলাকায় সমাজসেবা, মাদকবিরোধী কর্মকাণ্ড এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছি। পরিকল্পিতভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করতেই এই অগ্নিসংযোগ করা হয়েছে বলে আমার ধারণা।”
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, “তিনি যেহেতু নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, শত্রুতাবশত তাকে আতঙ্কিত করার জন্য ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।”
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
