গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত
মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার, গাইবান্ধাঃ
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধায়ও নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। আজ সোমবার, ২৮ এপ্রিল, জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিবসটি পালন করা হয়।
সকাল ৯টায় আদালত প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম সরকার। এরপর একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামানসহ বিচার বিভাগের কর্মকর্তা ও আইনজীবীরা।
পরে আদালত ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুগ্ম ও দায়রা জজ অলরাম কার্জীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মেরিনা সুলতানা। এছাড়া জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক সেকেন্দার আজম আনাম, জিপি আব্দুল মজিদ, পিপি আব্দুল হালিম এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দিবসটি পালনের মূল লক্ষ্য হলো সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে ২০০০ সালের আইনগত সহায়তা প্রদান আইন অনুযায়ী ২০১৩ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট রেজোয়ানুল মন্ডল ও অ্যাডভোকেট আহম্মেদ নাজমুল হুদার হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
