গোবিন্দগঞ্জের কোচাশহর, কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড , খোলা আকাশের নিচে শতাধিক পরিবার
মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার, গাইবান্ধাঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ কোচাশহর গ্রাম রোববার বিকেলে আকস্মিক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে গ্রামটির অসংখ্য ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ করে কালো মেঘ জমে প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। মাত্র ১৫-২০ মিনিটের ঝড়ের তীব্রতায় টিনের ঘরবাড়ি উড়ে যায়, শত শত গাছ উপড়ে পড়ে এবং মাঠের পাকা ও আধাপাকা ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যায়। বিদ্যুতের খুঁটি ভেঙে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান, অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে পড়েছেন। রাত কাটানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। তাৎক্ষণিকভাবে ত্রাণ ও পুনর্বাসনের জন্য স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা।
এ বিষয়ে কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহরুল হক জাহিদ জানান, “ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছি। উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান,
উল্লেখ্য, একই দিনে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
