কক্সবাজার সরকারি কলেজে ছাত্রদলের হামলার তীব্র নিন্দা -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

25 April 2026, 11:38:04

এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধিঃ

দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় দেশব্যাপী সরকারি কলেজ ক্যাম্পাসসমূহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে হেল্প ডেস্ক এর মাধ্যমে সহযোগিতা প্রদান করা হয়।

২৫ এপ্রিল ২০২৬, শনিবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে শিক্ষার্থীবান্ধব এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সারাদেশের নেতাকর্মীদের আন্তরিকতা, শ্রম ও দায়িত্বশীল ভূমিকায় সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।

বিবৃতিতে নেতৃদ্বয় কক্সবাজার সরকারি কলেজে ছাত্র আন্দোলনের হেল্প ডেস্কে ছাত্রদল কর্তৃক হামলা এবং শাখা সভাপতি মুহাম্মাদ নেজাম উদ্দিন সহ নেতৃবৃন্দের ওপর অতর্কিত আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় আরও বলেন, এ ধরনের ন্যাক্কারজনক আচরণ শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য হুমকিস্বরূপ। ক্যাম্পাস হওয়া উচিত জ্ঞানচর্চা, নীতি-নৈতিকতা ও সহাবস্থানের কেন্দ্র। সেখানে সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে সহনশীলতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানই হওয়া উচিত মূল ভিত্তি। ভিন্নমত থাকতে পারে, কিন্তু সেটিকে সহিংসতায় রূপ দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা কারও জন্যই মঙ্গলজনক নয়। ইতিহাস বারবার প্রমাণ করেছে, সংযমহীনতা ও আধিপত্যের মানসিকতা কখনো দীর্ঘস্থায়ী হয় না।

নেতৃদ্বয় ছাত্রদল নেতৃবৃন্দের প্রতি সহনশীল ও দায়িত্বশীল ছাত্ররাজনীতি চর্চা এবং অতিউৎসাহী কর্মীদের নিয়ন্ত্রণে নিয়ে সংশ্লিষ্টদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।