মোংলায় পশুর নদীর পানি বৃদ্ধি, বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

15 August 2025, 2:42:22

আজাদ রুহুল আমিন, বাগেরহাট | ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার
মোংলার পশুর নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে। এ অবস্থায় চিলা ইউনিয়নের জালচিরা গ্রামে বেড়িবাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বাঁধ ভাঙার পর প্রবল স্রোতে তলিয়ে গেছে বসতবাড়ি, ফসলি জমি ও শতাধিক মাছের ঘের, ফলে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, মঙ্গলবার গভীর রাতে বাঁধের একটি অংশ ভেঙে যায়। অল্প সময়ের মধ্যেই আশপাশের গ্রামগুলো প্লাবিত হয়। পানির তোড়ে ভেসে গেছে মাছের ঘেরের মাছ, ধান ও সবজি ক্ষেতসহ গবাদিপশু। এতে চাষি ও কৃষকেরা জীবিকা হারিয়ে চরম হতাশায় পড়েছেন।

জালচিরা গ্রামের মৎস্যচাষি মো. মিঠুন জানান, বাঁধ ভেঙে তার ঘেরের সব মাছ নদীতে ভেসে গেছে, ঘরবাড়িও পানিতে ডুবে আছে। “এখন পরিবার নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি। কোথা থেকে আবার শুরু করব বুঝে উঠতে পারছি না,” বলেন তিনি।

চিলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার নিউটন ডাকুয়া বলেন, বহু পরিবার এ ঘটনায় সর্বস্ব হারিয়েছে। দ্রুত বাঁধ মেরামতের উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, বেড়িবাঁধের দুর্বলতা দীর্ঘদিন ধরেই জানা ছিল, কিন্তু প্রয়োজনীয় সংস্কার কাজ হয়নি। এবার পানির চাপ বাড়ায় ভাঙন দেখা দেয়।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতার সুমী বিডিপ্রেস২৪-কে জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতির হিসাব করে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভাঙনের খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে যাচ্ছেন। পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে আশপাশের আরও কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।