গোপনে মাদরাসার ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন
ফরহাদ হোসাইন, কয়রা (খুলনা)প্রতিনিধি :
খুলনার কয়রা উপজেলার দেয়াড়া অন্তাবুনিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়ম, গোপনীয়তা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মাদরাসার এক অভিভাবক।
বুধবার উপজেলার দেয়াড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে মো. মোসলেম সরদার অভিযোগ করেন, মাদরাসার সুপার মো. মোক্তারুজ্জামান গোপনে ও পক্ষপাতমূলকভাবে নিজের পছন্দের লোকজন দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করেছেন। এ বিষয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীকে কিছুই জানানো হয়নি বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি একজন অভিভাবক হিসেবে কমিটি গঠনের বিষয়ে কিছুই জানতাম না। পরে লোকমুখে বিষয়টি জানতে পেরে সুপারের কাছে জানতে চাইলে তিনি আমাকে গুরুত্ব না দিয়ে তাড়িয়ে দেন।
তিনি আরও অভিযোগ করেন, কমিটির সভাপতি হিসেবে যাকে মনোনীত করা হয়েছে তিনি স্থানীয়ভাবে বসবাস করেন না এবং সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটারও নন। এছাড়া মাদরাসার উন্নয়নে তার কোনো দৃশ্যমান অবদান নেই বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে মোসলেম সরদার মাদরাসার সুপার মো. মোক্তারুজ্জামানের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনিয়ম করার অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা জরুরি। কিন্তু এখানে তা মানা হয়নি।
তবে অভিযোগের বিষয়ে জানতে মাদরাসার সুপার মো. মোক্তারুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
