সেতু আছে, পথ নেই—ঈশ্বরগঞ্জে উন্নয়নের করুণ পরিহাস

22 April 2026, 12:01:07

মিয়া সুলেমান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কুঁড়া খালের ওপর ২০০৩ সালে নির্মিত একটি সেতু ২৩ বছরেও চালু না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। প্রায় ৬ লাখ ৪২ হাজার ৪০০ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি আজও কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে—শুধু দু’পাশে সংযোগ সড়ক না থাকায়।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, মাইজবাগ ও মগটুলা ইউনিয়নের অন্তত ৫-৬টি গ্রামের মানুষের চলাচলের সুবিধার জন্য সেতুটি নির্মাণ করা হলেও সংযোগ সড়কের অভাবে তা কোনো কাজে আসছে না। ফলে প্রতিদিন কয়েক হাজার মানুষকে বিকল্প দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে।
এ সেতু ব্যবহার করে বানাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধীতপুর উচ্চ বিদ্যালয়, মাইজবাগ পাঁচপাড়া উচ্চ বিদ্যালয় এবং ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত করার কথা থাকলেও বাস্তবে তারা চরম দুর্ভোগে পড়ছে। অল্প বৃষ্টিতেই আশপাশের কাঁচা রাস্তা পানিতে তলিয়ে যায়, ফলে শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেড়ে যায়।
বানাশ্রম গ্রামের স্কুলছাত্র আরিফ বলে, “আমাদের এলাকায় ২৩ বছর আগে ব্রিজ হয়েছে, কিন্তু সংযোগ সড়ক নাই। পড়াশোনা করাটাই এখন একটা বড় চ্যালেঞ্জ।”
স্থানীয় কৃষক ইদ্রিস আলী (৮৩) ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তা না থাকার কারণে অনেক সময় বিয়েশাদি পর্যন্ত ভেঙে যায়। এই ব্রিজটা চালু হলে আমাদের অনেক উপকার হতো।”
এদিকে অর্থের অপচয়ের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র সমালোচনা দেখা গেছে। এলাকাবাসীর অভিযোগ, পরিকল্পনার অভাব ও দায়িত্বহীনতার কারণে সরকারের লাখ লাখ টাকা ব্যয় করে নির্মিত একটি সেতু আজ অকেজো পড়ে আছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “এটা উন্নয়ন না, এটা সরাসরি জনগণের টাকার অপচয়। আগে রাস্তা, তারপর ব্রিজ—এটাই তো হওয়ার কথা ছিল।”
আরেক বাসিন্দা রহিমা খাতুন বলেন, “এই ব্রিজ আমাদের কোনো উপকারে আসেনি। বরং এটি এখন সরকারের ব্যর্থ পরিকল্পনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।”
অনেকে মনে করেন, প্রকল্প গ্রহণের সময় যথাযথ সমীক্ষা ও সমন্বয়ের অভাব ছিল। ফলে একটি প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করেও তা জনসাধারণের কোনো কাজে লাগছে না।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হোসেন বলেন, “সাধারণত কাঁচা রাস্তায় এলজিইডি ব্রিজ নির্মাণ করে না। এটি কীভাবে নির্মিত হয়েছে, তা আমার জানা নেই। তবে কেউ উদ্যোগ নিলে সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।”
স্থানীয়দের দাবি, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চালু করা হোক, যাতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে এবং সরকারের ব্যয় করা অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।