রাঙামাটির রূপনগরে পুনর্বাসন ছাড়া উচ্ছেদচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তানজুম আরা তামান্না বিশেষ প্রতিনিধি :
রাঙামাটি, ২১ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) — রাঙামাটি শহরের রূপনগর এলাকায় বসবাসরত শতাধিক পরিবারের পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রচেষ্টার প্রতিবাদে এবং স্থায়ী সমাধানের দাবিতে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রূপনগর এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য পাঠ করা হয়। এতে বক্তারা জানান, দীর্ঘ কয়েক দশক ধরে রূপনগরে বসবাসরত বাসিন্দারা বর্তমানে চরম অনিশ্চয়তা ও অস্তিত্ব সংকটে রয়েছেন।
বক্তব্যে বলা হয়, রূপনগর এলাকার বাসিন্দাদের জন্য এই স্থানটি শুধু বসবাসের জায়গা নয়; এটি তাদের পূর্বপুরুষের স্মৃতি এবং জীবন-জীবিকার প্রধান কেন্দ্র। কিন্তু সম্প্রতি কোনো কার্যকর পুনর্বাসন পরিকল্পনা ছাড়াই উচ্ছেদ কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
সংবাদ সম্মেলনে সম্ভাব্য পরিণতির কথা তুলে ধরে বলা হয়, হঠাৎ উচ্ছেদ কার্যক্রম চালানো হলে শত শত নারী, শিশু ও বৃদ্ধ খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হবেন। এর ফলে একদিকে যেমন মানবিক বিপর্যয় সৃষ্টি হবে, অন্যদিকে শিক্ষার্থীদের পড়াশোনা এবং শ্রমজীবী মানুষের জীবিকাও মারাত্মকভাবে ব্যাহত হবে।
বক্তারা আরও বলেন, যথাযথ পুনর্বাসন ছাড়া কাউকে তার বসতভিটা থেকে উচ্ছেদ করা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী। তাই স্থায়ী সমাধান ছাড়া কোনো ধরনের উন্নয়নমূলক স্থাপনা নির্মাণ না করার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলন থেকে এলাকাবাসী প্রশাসনের কাছে কয়েকটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—
স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে
প্রয়োজন হলে প্রতিটি পরিবারকে সম্মানজনক পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে
দীর্ঘদিন ধরে বসবাসরত পরিবারগুলোর জন্য স্থায়ী লিজ বা আইনি বন্দোবস্ত প্রদান করতে হবে
ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে মানবিক ও গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করতে হবে
বক্তারা বলেন, তারা উন্নয়নের বিরোধী নন; তবে উন্নয়নের নামে সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে জানান, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে রূপনগর এলাকাবাসীর পক্ষে হাবিবুর রহমান হবি, আব্দুল হালিম এবং সচেতন রাঙামাটিবাসীর পক্ষে মো. তাজুল ইসলাম তাজ, আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
