চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেল উদ্ধার, গ্রেপ্তার ২

27 November 2026, 9:25:26

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সদরে অভিযান চালিয়ে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, সদর থানার একটি মামলার গ্রেপ্তারকৃত আসামি মোঃ জুয়েল (৩০)-কে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছে অবৈধ বিস্ফোরক দ্রব্য গান পাউডার ও ককটেল মজুদের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ১টা ২০ মিনিটে সদর থানার একটি দল রানীহাটি ইউনিয়নের জামতলা মোড় এলাকায় অভিযান চালায়। আসামির দেখানো মতে ওই স্থান থেকে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

এ সময় জুয়েলকে তার সহযোগীদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে অপর আসামি মোঃ নাইম (২৩)-এর নাম উঠে আসে। এরপর একই দিন রাত আনুমানিক ২টা ৫ মিনিটে বারোঘড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উভয় আসামি সদর থানার বহরম এলাকার দানেশ ঘোষের ছেলে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামি জুয়েলের বিরুদ্ধে আগে থেকেই ১৯টি মামলা চলমান রয়েছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৫/৬ ধারায় নিয়মিত মামলা (মামলা নং-৪৪, তারিখ-২৭/১১/২০২৬) দায়ের করা হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।