চিতলমারীতে ১০ মে পর্যন্ত চলবে হাম-রুবেলা টিকাদান: ১৫ হাজার শিশুকে সুরক্ষা দিতে মাঠে স্বাস্থ্য বিভাগ

20 April 2026, 6:16:59

আজাদ খান, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের চিতলমারী উপজেলায় হাম ও রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন হয়েছে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী ১৫ হাজার ৬৭ জন শিশুকে বিনামূল্যে টিকা দেওয়ার লক্ষ্যে আগামী ১০ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে।
সোমবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হাম শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে। এটি নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি এবং অন্ধত্বের অন্যতম কারণ। আর রুবেলায় আক্রান্ত গর্ভবতী মায়ের সন্তান জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে। এই দুটি রোগ থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতেই সরকার এই বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে।”

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চিতলমারীর ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই টিকা পৌঁছে দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ৬৩টি ইপিআই কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকাদান চলবে। কর্মসূচি সফল করতে মাঠ পর্যায়ে কাজ করছেন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী এবং স্বেচ্ছাসেবকরা।
প্রথম ধাপে ১০ হাজার ডোজ টিকা উপজেলায় পৌঁছেছে। টিকার সঠিক তাপমাত্রা বজায় রাখতে কোল্ড চেইন ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। চাহিদা অনুযায়ী বাকি টিকা জেলা ইপিআই স্টোর থেকে সংগ্রহ করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেডিক্যাল অফিসার ডা. এম আর ফরাজী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, চিতলমারী থানার এসআই সুজয় কুমার মল্লিক, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সি ও সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর এবং ফার্মাসিস্ট শিশির মজুমদার।
সভাপতির বক্তব্যে ডা. শর্মী রায় বলেন, “একটি শিশুও যেন টিকা থেকে বাদ না পড়ে, সেজন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে মায়েদের উদ্বুদ্ধ করছি। টিকা সম্পূর্ণ নিরাপদ। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।”

স্বাস্থ্য বিভাগ জানায়, টিকা নিতে শিশুর টিকাদান কার্ড বা জন্মনিবন্ধন বাধ্যতামূলক নয়। নির্ধারিত বয়সের যেকোনো শিশু কেন্দ্রে এলেই টিকা পাবে। অসুস্থ শিশুকে সুস্থ হওয়ার পর টিকা দেওয়া হবে। ইউএনও খাদিজা আক্তার সবার সহযোগিতায় চিতলমারীকে হাম-রুবেলা মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।