নেত্রকোণা ও ময়মনসিংহ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২৮১ বোতল ভারতীয় মদ জব্দ
মোঃ মিনারুল ইসলাম, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোণা ও ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২১ হাজার ৫০০ টাকা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি। প্রথম অভিযানে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্ত পিলার ১১৮১/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্ন্যাসীপাড়া এলাকা থেকে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপর অভিযানে একই রাতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার সীমান্ত পিলার ১১৪০/৩-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গিলাগড়া এলাকা থেকে ২৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার রয়েছে। জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ প্রক্রিয়ায় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
