নেত্রকোনার খালিয়াজুরীতে ইউএনও অফিসে আগুন

27 November 2026, 9:13:48

মোঃ মিনারুল ইসলাম,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

​নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা, কার্যালয়ের কর্মচারী ও সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে উপজেলা পরিষদ ভবন। প্রাথমিকভাবে টিভি ক্যাবিনেটের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

​বুধবার (২৫ নভেম্বর) ভোর চারটা থেকে সাড়ে চারটার মধ্যে ইউএনও কার্যালয়ের দোতলার অফিস কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের আলো ফোটার আগেই ফজরের নামাজের প্রস্তুতির সময় হঠাৎ উপজেলা পরিষদ চত্বরে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই নারী-পুরুষ নির্বিশেষে সবাই বালতি, মগ ও কলসি হাতে ছুটে আসেন এলাকাবাসী। পাশাপাশি কার্যালয়ের অদূরে একটি পুকুর থেকে বালতিতে করে পানি তুলে এবং পাইপের সাহায্যে দোতলায় পানি সরবরাহ শুরু করেন তারা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অবশিষ্ট ধোঁয়া ও জ্বলন্ত অংশ পুরোপুরি নির্বাপণ করেন।

​আগুন নেভানোর কাজে অংশ নেওয়া এক স্থানীয় তরুণ বলেন, ‘ফজরের নামাজের আগে খবর পেয়ে দৌড়ে আসি। অফিস স্টাফ, সরকারি কর্মকর্তা ও গ্রামবাসী সবাই মিলে পুকুর থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনি।’

​ঘটনাস্থলে থাকা এক নারী বাসিন্দা জানান, নামাজের জন্য উঠে আগুনের খবর পেয়ে মহিলারাও দ্রুত ছুটে আসেন এবং কর্মচারী ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মিলে আগুন নেভাতে কাজ করেন।

​সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ইউএনও কার্যালয়ের দোতলার মূল কক্ষের প্রবেশপথে ইউএনও অলিদুজ্জামানের নামফলক ধোঁয়ায় কালচে হয়ে গেছে। কক্ষের ভেতরের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। দেয়ালগুলো কালো ধোয়ায় ছেয়ে গেছে এবং ছাদ থেকে ঝুলছে পুড়ে যাওয়া বৈদ্যুতিক তার।

​ঘটনার বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, ‘ভোর সাড়ে চারটার দিকে কার্যালয়ের অফিস কক্ষে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কক্ষের ভেতরে থাকা টিভি ক্যাবিনেটের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।’

​খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

​স্থানীয়দের মতে, ভোররাতে এলাকাবাসী দ্রুত এগিয়ে না এলে আগুন দোতলার অন্যান্য কক্ষ ও পুরো ভবনে ছড়িয়ে পড়ে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্রের বড় ধরনের ক্ষতি হতে পারত।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।