কাপাসিয়ায় জমি দখলের নতুন কৌশল! পৈত্রিক সম্পত্তিতে একের পর এক কবর দেওয়ার অভিযোগ

24 November 2026, 6:44:41

মোজাম্মেল হোসেন গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের কালডাইয়া গ্রামে পৈত্রিক সম্পত্তির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে জমিতে জোরপূর্বক কবর স্থাপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃত আব্দুর রহমানের ছেলে ইমাম হোসেন নামে এক ব্যক্তি জমির দখল ও মালিকানা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনাসহ সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

অভিযোগকারী ইমাম হোসেনের দাবি করেন পৈত্রিক সূত্রে পাওয়া এবং নামজারি (খারিজ) করা জমি দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন। কিন্তু একই জমির একটি অংশ মৃত ইসলাম উদ্দিনের পরিবারের লোকজন জোরপূর্বক দখল করে রেখেছেন। এর আগেও ওই জমিতে দুটি কবর দেওয়া হয়েছিল। সর্বশেষ জমির ওপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে আবারও জোরপূর্বক ইসলাম উদ্দিনের কবর স্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ইমাম হোসেন বলেন, পৈত্রিক সম্পত্তিতে আমার অনুপস্থিতে কবর স্থাপন করে জমি দখলের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মৃত ইসলাম উদ্দিনের ভাই। তাঁর দাবি, বিরোধপূর্ণ জমিটি তাঁদের এজমালি সম্পত্তি এবং তাঁরা দীর্ঘদিন ধরে তা এওয়াজ বদলে ভোগদখল করে আসছেন। জমির বিষয়ে তাঁদেরও কাগজপত্র রয়েছে। এ নিয়ে ইতোমধ্যে পাঁচবার গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়েছে। সালিশে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করেছেন। সেখানে উভয় পক্ষের কিছু জমি একে অপরের দখলে থাকার বিষয়টি উঠে এসেছে বলে দাবি করেন তিনি। তবে ইমাম হোসেন সালিশের সিদ্ধান্ত মেনে নিতে রাজি নন বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমির মালিকানা, দখল ও কবর স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও এখন পর্যন্ত বিরোধের স্থায়ী কোনো সমাধান হয়নি।

এদিকে পৈত্রিক সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধের মধ্যে কবর স্থাপনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে জমির প্রকৃত মালিকানা ও দখলসংক্রান্ত বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।