সুন্দরবনের নিরাপত্তায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান, উদ্ধার ১৪টি আগ্নেয়াস্ত্র ও ২৫৯ রাউন্ড গুলি

17 November 2026, 5:55:55

বাগেরহাট জেলা প্রতিনিধি:

সুন্দরবনে বনদস্যু ও ডাকাতদের তৎপরতা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খুলনার দাকোপ থানাধীন শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গভীরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, অভিযানে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি সেট পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনে সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহিন এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রেখেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বনাঞ্চলে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পাওয়া যায়।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি। এ ছাড়া দুটি ওয়াকিটকি সেটও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, এ অস্ত্র ও গোলাবারুদ মজুতের সঙ্গে জড়িত ডাকাতদলকে শনাক্ত এবং তাদের আটক করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সুন্দরবনের সংশ্লিষ্ট এলাকায় টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।