গুরুদাসপুরে ইতালি প্রবাসীর ওপর হামলা, দোকানে লুটপাট ও গাড়ি ভাঙচুরের অভিযোগ
নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ইতালি প্রবাসী মো. সেলিমের ওপর হামলা, দোকানঘরে লুটপাট ও প্রাইভেট কার ভাঙচুরের অভিযোগ উঠেছে। ১৫ ও ১৬ নভেম্বর উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপাড়া গ্রামে পৃথক এসব ঘটনা ঘটে। এতে ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
সেলিম (৪৮) ওই গ্রামের মৃত হামিদ মুন্সির ছেলে। তার অভিযোগ, প্রতিবেশী গুলজার হোসেনকে ৬৫ হাজার টাকা ধার দিয়েছিলেন। এর মধ্যে ৩২ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা চাইতে গেলে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ১৫ নভেম্বর সকালে আব্দুল বারী, সাত্তার মন্ডল, রাজ্জক মন্ডল ও নূর ইসলামসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। এতে তাঁর একটি দাঁত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে জানান তিনি।
সেলিমের আরও অভিযোগ, পরদিন গভীর রাতে দুর্বৃত্তরা তাঁর দোকানঘরে লুটপাট চালায় এবং বাড়ির সামনে রাখা প্রাইভেট কার ভাঙচুর করে।
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল বারী বলেন, গুলজারেের ভ্যানে তিনিসহ আরও চারজন যাত্রী উপজেলা সদরে যাচ্ছিলেন, সেলিম ভ্যানগাড়ি আটকিয়ে ভ্যানচালককে পাওনা টাকা দিয়ে তারপর যেতে বলে। তিনিসহ সকলেই ভ্যান ছেরে দিতে বললে সেলিমই তাকে চাকু দিয়ে মাথায় কোপ দিয়েছেন। এতে মাথায় চারটি সেলাই লেগেছে। দোকান ও গাড়ি ভাঙচুর কিংবা লুটপাটের বিষয়ে তিনি কিছু জানেন না।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। তবে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
