দুবলারচরে রাসমেলায় যেতে মানতে হবে ৫ নৌপথের একটি, ২২ নভেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি
ডেক্স রিপোর্টঃ
সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা উৎসবে অংশ নিতে আগ্রহী তীর্থযাত্রীদের জন্য যাতায়াতের নিয়ম ও নৌপথ নির্ধারণ করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। এ উৎসবকে ঘিরে পাঁচটি নির্দিষ্ট নৌপথের বাইরে অন্য কোনো পথে চলাচল করা যাবে না। নিরাপত্তা নিশ্চিত করতে এবং বনাঞ্চলের পরিবেশ সুরক্ষায় আরোপ করা হয়েছে একাধিক নিষেধাজ্ঞা।
বন বিভাগ জানিয়েছে, এ ধর্মীয় আয়োজনে কেবল সনাতন ধর্মাবলম্বীরা অংশ নিতে পারবেন। লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকায় নির্ধারিত পাঁচটি পথের যেকোনো একটি ব্যবহার করে দুবলারচরে পৌঁছাতে হবে। উৎসব চলাকালে বন বিভাগ, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা টহল ও নজরদারিতে নিয়োজিত থাকবেন।
যে পথ ধরে পৌঁছাতে হবে দুবলারচরে
বন বিভাগের নির্ধারিত পাঁচটি নৌপথ হচ্ছে—
১. বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলারচর।
২. কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, সেখান থেকে শিবসা নদী ও মরজাত হয়ে দুবলারচর।
৩. নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলারচর।
৪. ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলারচর।
৫. বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলারচর।
চাঁদপাই স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ জানান, ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তীর্থযাত্রীরা সুন্দরবনে প্রবেশের অনুমতি পাবেন। এজন্য সংশ্লিষ্ট প্রবেশপথে নৌযানের প্রবেশ ফি, অবস্থান ফি ও যাত্রীর সংখ্যা অনুযায়ী সরকারি রাজস্ব জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করে আবেদন করলে অনুমতিপত্র দেওয়া হবে।
তাঁর ভাষ্য অনুযায়ী, অনুমতিপত্রে সিলমোহর দিয়ে নির্ধারিত নৌপথ উল্লেখ করা থাকবে। তীর্থযাত্রীরা নিজেদের পছন্দমতো একটি পথ বেছে নিতে পারবেন। ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে। নৌযান চলাচলের অনুমতি থাকবে শুধু দিনের বেলায়। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোনো স্থানে নৌযান থামানো যাবে না।
নিরাপদ নৌযাত্রার জন্য প্রতিটি জলযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট অথবা বয়া রাখতে হবে। নৌযানের গায়ে রং বা স্টিকারের মাধ্যমে বি, এল, সি/সিরিয়াল নম্বর এবং যাত্রীর সংখ্যা স্পষ্টভাবে লিখতে হবে। সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে একটি করে টিকিট বা টোকেন দেওয়া হবে। বনে অবস্থানকালে তা সঙ্গে রাখতে হবে।
এ ছাড়া প্রতিটি লঞ্চ, নৌকা ও ট্রলারকে আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে রিপোর্ট করতে হবে। বন বিভাগের নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উৎসবস্থলে যেসব বিধিনিষেধ মানতে হবে
নিরাপত্তার স্বার্থে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকদ্রব্য বহন এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। হরিণ শিকারের ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল, করাত কিংবা অন্য কোনো অবৈধ সরঞ্জাম বহন করলেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচ নেওয়া যাবে না। লঞ্চ, ট্রলার, নৌকা ও পুণ্যস্নানস্থলে মাইক বাজানো, পটকা বা বাজি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ।
প্রত্যেক তীর্থযাত্রীকে সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া সনদপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগ জানিয়েছে, নির্ধারিত ফরেস্ট স্টেশন থেকে রাজস্ব পরিশোধ করে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার পাশাপাশি সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তীর্থযাত্রীদের সব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
