যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার
মোঃ ফজলুল কবির গামা, ঝিনাইদহ প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে যশোরের বাঘারপাড়া থানার ধলগা বাজার এলাকায় নড়াইল-যশোর মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি প্রাইভেট কার তল্লাশি করে ২৩ বোতল ব্ল্যাক হুইস্কি, ৩৬ বোতল ব্লো হুইস্কি এবং ৩৬ বোতল ম্যাকডাওয়েলস লাক্সারি হুইস্কি উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার আরপাড়া গ্রামের মো. মোক্তার হোসেন (৪৮), পিতা আব্দুল সাত্তার মল্লিক এবং পটুয়াখালী সদর উপজেলার গলাচিপা এলাকার মো. রাজ্জাক মৃধা (৫০)। তিনি ওই প্রাইভেট কারের চালক ছিলেন।
অভিযান শেষে উদ্ধারকৃত মদ উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঘারপাড়া থানায় নিয়মিত মামলা করা হয়। উদ্ধারকৃত মাদক ও প্রাইভেট কারসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
