ঠাকুরগাঁওয়ে বৃদ্ধা হত্যার ঘটনায় প্রধান আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চাপাতি গ্রামে পানির পাম্প চুরিতে বাধা দেওয়ায় বিন্দুমতি রানী (৭৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মানিক (২০) কে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বাকচর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৩, দিনাজপুর ও এসআরবি-১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার মানিক ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চাপাতি গ্রামের বধুসরেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিন্দুমতি রানী তার ছোট ছেলের বাড়িতে বসবাস করতেন। গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে পরিবারের সদস্যরা স্থানীয় বৈরাগী বাজারে যান। রাত আনুমানিক ১২টার দিকে বাড়িতে ফিরে তারা বিন্দুমতি রানীকে বাড়ির বাইরে টিউবওয়েলের কাছে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার মাথার পেছনে রক্তাক্ত জখম দেখতে পান এবং পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পান। এ সময় পরিবারের সদস্যরা দেখতে পান, তাদের তিন ভাইয়ের বাড়িতে স্থাপন করা পানি তোলার তিনটি পাম্প চুরি হয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে মিনত সরকার বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর রুহিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ০৯।
এসআরবি জানায়, মামলা দায়েরের পর থেকে প্রধান আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ১৩ নভেম্বর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
