শ্রীপুরে অপহরণকাণ্ড: ৭ জন গ্রেফতার, ৪ দিন পর মাদ্রাসার ছাত্রী উদ্ধার

18 April 2026, 11:49:01

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে নিখোঁজের চারদিন পর ভিকটিম ফারিহা (১৬)-কে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, এ ঘটনায় ভিকটিমের বাবা হাদিউল ইসলাম বুধবার (১৫ এপ্রিল) শ্রীপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করা হয়।

ঘটনার বিবরণ অনুযায়ী, ফারিহা ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বীর খারুয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে সে পরিবারের সঙ্গে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (প্রশিকা মোড়) এলাকায় ভাড়া বাসায় থাকত এবং মাওনা তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসার ৯ম শ্রেণীর শিক্ষার্থী।

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিসের সামনে থেকে প্রধান আসামি আবিদ (২১) ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে, পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হলে বুধবার (১৫ এপ্রিল) সকালে আবিদ ভিকটিমকে তার বাবার বাসায় নিয়ে আসে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে সালিস বৈঠক বসে। কিন্তু বৈঠকে সমাধান না হওয়ায় একইদিন বেলা ১১টার দিকে আসামিরা পুনরায় হামলা চালিয়ে ফারিহার স্বজনদের মারধর করে এবং তাকে আবারও জোর করে নিয়ে যায়।

এরপর পুলিশ অভিযান শুরু করে। অবশেষে শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর উপজেলার নয়নপুর (এমসি বাজার) এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় প্রধান আসামি আবিদসহ কয়েকজন পালিয়ে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ফারিহার স্বাস্থ্য পরীক্ষা, বয়স নির্ধারণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।