তালতলীতে আসন্ন নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল হক সোহাগ
রনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ
“ঐক্য, উন্নয়ন, সমৃদ্ধি ও আগামীর নিশানবাড়িয়া গড়ার প্রত্যয়”—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ৬নং নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এক জমজমাট ও প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ নভেম্বর নিশানবাড়িয়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই সভার আয়োজন করা হয়। উক্ত সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় মুরুব্বি, তরুণ সমাজ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
সভায় প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৬নং নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: জাহিদুল হক সোহাগ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। বক্তারা তাদের বক্তব্যে নিশানবাড়িয়া ইউনিয়নের দীর্ঘদিনের নানা সমস্যা, সম্ভাবনা এবং কাঙ্ক্ষিত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নে সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব নেতৃত্বের কোনো বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো: জাহিদুল হক সোহাগ বলেন, “জনগণের সেবা করার ব্রত নিয়েই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নির্বাচিত হলে নিশানবাড়িয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।” এ সময় তিনি এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার শতভাগ নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এলাকার সামগ্রিক উন্নয়নে কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, বরং দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আগামী নির্বাচনে নিশানবাড়িয়া ইউনিয়নের আপামর জনসাধারণের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সভার শেষ পর্যায়ে এলাকার শান্তি, অগ্রগতি এবং দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সর্বস্তরের জনসাধারণের মাঝে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে দেখা যায়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
