শিবগঞ্জে বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় জীবিত নবজাতক কন্যাশিশু উদ্ধার

3 November 2026, 5:13:41

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় লুঙ্গিতে মোড়ানো এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের একটি বাগানের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। অমানবিক এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশে কয়েকটি শিশু খেলাধুলা করার সময় বালুর মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পায়। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম আলী শিশুদের কাছে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান এবং বালু সরিয়ে দেখেন। সেখানে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় একটি নবজাতক কন্যাশিশুকে দেখতে পান এবং তার কান্নার শব্দ শুনতে পান।

পরে ইব্রাহিম আলী বিষয়টি স্থানীয় বাসিন্দা মো. গোলাপ হোসেনকে জানান। গোলাপ হোসেনসহ আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং বালুর ভেতর থেকে শিশুটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারের পরপরই নবজাতকটিকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে সম্পূর্ণ সুস্থ ও শঙ্কাযুক্ত বলে নিশ্চিত করেন। বর্তমানে শিশুটি উদ্ধারকারী গোলাপ হোসেনের হেফজতে নিরাপদে রয়েছে।

এদিকে সদ্যভূমিষ্ঠ একটি ফুলফুটে শিশুকে কে বা কারা এভাবে নিষ্ঠুরভাবে বালুর নিচে পুঁতে রেখে গেল, তা এখনো জানা যায়নি। অমানবিক এই ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।