পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের দল গঠনে বাছাই
বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ, তৃণমূলের প্রতিভা অন্বেষণে উদ্যোগ
মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭’ (সিজন-২)-এর ইউনিয়ন পর্যায়ে দল গঠনের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের দলাইকোটা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের আয়োজনে, হরিরামপুর ইউনিয়ন পরিষদের পরিচালনায় এবং দলাইকোটা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
বাছাইপর্বে শিক্ষার্থীরা নিজেদের শারীরিক সক্ষমতা ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। এ সময় বড়তারা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ, দলাইকোটা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার দেবনাথ, ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাদত হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
আয়োজক ও অতিথিরা বলেন, গ্রামাঞ্চলে অনেক প্রতিভাবান শিশু-কিশোর রয়েছে। কিন্তু প্রয়োজনীয় সুযোগ ও পৃষ্ঠপোষকতার অভাবে তাদের অনেকেই নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায় না। এ ধরনের উদ্যোগের মাধ্যমে তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে বৃহত্তর ক্রীড়াঙ্গনে তুলে আনা সম্ভব।
তাঁরা আরও বলেন, শিশু-কিশোরদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানো প্রয়োজন। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরিতে সহায়তা করে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর শুরু হওয়া ইউনিয়ন পর্যায়ের এ কার্যক্রম আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
